কপোতাক্ষ নদ থেকে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছায় ইয়াকুব আলী (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ব্যাংদাহ বাসস্ট্যান্ডে কপোতাক্ষ নদের তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াকুব ব্যাংদাহ গ্রামের তাকবিল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সকাল সাড়ে ৭টার দিকে বাসস্ট্যান্ডের উত্তর পাশে কপোতাক্ষ নদের তীরে ইয়াকুবের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তার মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। পরে জনগণ ঝিকরগাছা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান ইয়াকুব আলী। এরপর তার সাথে পরিবারের লোকজন আর যোগাযোগ করতে পারেনি। ইয়াকুব পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। তিনি অনেক টাকা ঋণগ্রস্থ ছিলেন। এসব নিয়ে প্রতিপক্ষের হাতে তিনি খুন হতে পারেন বলে পরিবারের সদস্যরা ধারণা করেছেন।

এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন