যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৪ যুবক জখম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চার যুবক জখম হয়েছেন। শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার সাবেক এমপি আলী রেজা রাজুর বাড়ির মোড়ে এ ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, ঘোপ ধানপট্টি বউবাজর এলাকার মৃত মাসুম হোসেনের ছেলে রাসেল আহম্মেদ (২০), ঘোপ সেন্ট্রাল রোডের শহিদুল ইসলামের ছেলে রুবেল হোসেন সাব্বির (২৪), ঘোপ বেলতলা এলাকার ঝন্টু মিয়ার ছেলে শিশির (১৭) ও ঘোপ পিলু খান রোড এলাকার শামছুর রহমানের ছেলে আকাশ হোসেন (১৮)।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহতরা শুক্রবার সন্ধ্যার দিকে রাজু দার মোড়ে আড্ডা দিচ্ছিল। এ সময় পূর্বশত্রতার জেরে রেজওয়ানসহ অজ্ঞাত ৪/৫ জন রাসেল, সাব্বির, শিশির ও আকাশকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। পরে রাস্তার পাশে আহতদের পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

জরুরি বিভাগের ডাক্তার সোহাগ হোসেন জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে। এছাড়া শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাদের শারীরিক অবস্থা খুব একটা ভালো না।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন