যশোর ও বেনাপোলে ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা ছাত্রসহ দু’জন নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পৃথক ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা ছাত্রসহ দু’জন নিহত হয়েছে। রোববার রাতে যশোর সদর উপজেলা এলাকা ও সোমবার সকালে শার্শা উপজেলার বেনাপোলে এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার নওদাগাঁ গ্রামের আখতারুজ্জামানের ছেলে মাদরাসা ছাত্র ইয়াসিন (১০) ও শার্শা উপজেলার ভবের বেড় গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে জব্বার হোসেন (৪০)।

নিহতদের স্বজন ও পুলিশ জানায়, নিহত ইয়াসিন সদর উপজেলার শ্যামনগর মাদ্রাসার ছাত্র ছিল। সে রোববার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে শ্যামনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পার হবার সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

এদিকে, নিহত জব্বার হোসেন বেনাপোল বাজারে একটি মাংসের দোকানের কর্মচারী ছিল। সোমবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে দোকানে যাবার পথে বেনাপোল পর্যটন হোটেলের সামনে ইজিবাইককে ধাক্কায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এলে সকাল সাড়ে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ দুটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি বলেন, এ ব্যাপারে কারো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন