যশোরে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে অনলাইন শপ দারাজের নাম ভাঙিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের তিন সদস্যের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। আসামিরা হলো, যশোর সদর উপজেলার হামিদপুর দক্ষিণপাড়ার আনোয়ার হোসেনের ছেলে শাহরিয়ার আজম আকাশ, চাঁদপাড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে মুশফিকুর রহমান ও হামিদপুর পশ্চিমপাড়ার আব্দুল লতিফের ছেলে আহসান কবীর রনি। মামলাটি তদন্ত করে কোতোয়ালি থানার এসআই শংকর কুমার বিশ্বাস শনিবার আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন।

গত বছরের ১০ সেপ্টেম্বর বিকেলে খুলনা লবনচরা র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানীর পুলিশ পরিদর্শক আব্দুল মতিন বিশেষ অভিযান চালিয়ে শার্শা উপজেলার গোগা গাজীপাড়া এলাকা থেকে প্রথমে শাহরিয়ার আজম আকাশকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে অপর দু’জনকে আটক করা হয়। এ সময় তাদের দখল হতে র‌্যাবের তিনটি ল্যাপটপ,একটি মনিটর, একটি সিপিইউ, পাঁচটি মোবাইল ফোন ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আব্দুল মতিন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, আসামিরা ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে দারাজ অন লাইন শপ থেকে কেনাকাটার নামে বিকাশ থেকে চক্রটি প্রতিনিয়ত হাজার হাজার টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। কোতোয়ালি থানার এসআই শংকর অভিযোগের সত্যতা পেয়ে আদালতে এ চার্জশিট জমা দেন। চার্জশিটে আসামিদের আটক দেখানো হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন