যশোর জেনারেল হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, আহত ২

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেনারেল হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, খুলনা শিপইয়ার্ড এলাকার আলী আহমেদের ছেলে কেরামত আলী ও যশোর সদর উপজেলার নীলগজ্ঞ এলাকার মৃত নিরাপদ দাসের ছেলে পরিতোষ কুমার দাস।

আহত পরিতোষ কুমার দাস জানান, হাসপাতালের প্লান্টে ঢুকে এক লোক অক্সিজেন ভরছিল। আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম। এসময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আমার হাতের একটি অংশ পুড়ে গেছে এবং ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

এ ব্যাপারে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ বলেন, করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের ইয়োলোজোনের সামনে অক্সিজেন প্ল্যান্টটি স্থাপন করা হয়েছিলো। বৃহস্পতিবার প্ল্যান্টের অক্সিজেন সরবরাহ করার সময় একটি সিলিন্ডারের হোস পাইপে বিস্ফোরণ ঘটে। এতে সরবরাহকারী কেরামত আলী আহত হয়েছে। তার ডান হাতটি পুড়ে গেছে। পাশে দাড়িয়ে থাকা অপর আরেকজনের ডান হাতের কিছু অংশ পুড়ে গেছে। দু’জনকেই হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

ডা. আরিফ আহমেদ বলেন, বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। এরপরই তারা মেরামতের কাজ শুরু করেছেন।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন