মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শার্শায় আ’লীগের বহিস্কৃত ওহাব নৌকার মাঝি, মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শা উপজেলায় নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে বহিষ্কার হওয়া নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল ওহাবকে এবার নৌকার মনোনয়ন দেয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা।

সোমবার (২৫ অক্টোবর) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই সাথে তারা আব্দুল ওহাবের মনোনয়ন বাতিল করে ইউনিয়ন আওয়ামী লীগের কাঙ্খিত ব্যক্তিকে নৌকা প্রতীক দেয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, গত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সেলিম রেজা বিপুল। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব সরদার, সাবেক সহ-সভাপতি আব্দুল হাই দফাদার, আইন বিষয়ক সম্পাদক বাবুল হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ২০১৬ সালে ইউপি নির্বাচনে সেলিম রেজা বিপুল নৌকা প্রতীক বরাদ্দ পান। কিন্তু জামায়াত-বিএনপির সাথে আঁতাত করে বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ জয়ী হন। ওই নির্বাচনে সরাসরি নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে পরাজয়ে ভূমিকা রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। এ জন্য যশোর জেলা আওয়ামী লীগ থেকে ওই সময় আব্দুল ওহাবকে বহিষ্কার করা হয়। কিন্তু সেই আব্দুল ওহাবকে এবারের নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পষ্ট বার্তা থাকার পরেও একজন বহিস্কৃত নেতাকে দলীয় মনোনয়ন দেয়ায় নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ হয়েছেন ও ক্ষুব্ধ হয়েছেন। তারা অবিলম্বে এ মনোনয়ন বাতিলের দাবি জানান।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন