বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের চার দিন পর তাউছিন মোল্লা (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার চুনখোলা ইউনিয়নের ছোট কাচনা এলাকার একটি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাউছিন মোল্লা কাচনা গ্রামের মো. সুজন মোল্লার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর শিশু তাউছিন বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্য ও স্বজনেরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা একটি ঘেরের পানির ওপর মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন।
খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

