মোল্লাহাটে ব্রিজের সংযোগ সড়কের মাটি ধসে মরণফাঁদে পরিণত, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

মোল্লাহাট প্রতিনিধি

মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের নলডাঙ্গী ব্রিজের সংযোগ সড়ক ভেঙে দেবে যাওয়ায় চলাচলে জনদুর্ভোগ তৈরি হয়েছে। প্রতিদিন জীবন ও জীবিকার তাগিদে এই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষের জন্য এটি এখন এক মরণফাঁদে পরিণত হয়েছে।

সরেজমিন দেখা যায়, নলডাঙ্গী ব্রিজটি গাংনী ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের মূল যোগাযোগের মাধ্যম। এছাড়াও রূপসা, কাচদিয়া, গাংনী বাজার থেকে মাছ, তরিতরকারিসহ বিভিন্ন পণ্যবাহী পিকআপ-ট্রাক এই পথ দিয়ে চলাচল করে।

দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা থাকলেও সস্প্রতি সংযোগ সড়কের বড় একটি অংশ ধসে রাস্তার দুই পাশে থাকা ঘেরের মধ্যে দেবে যায়। ফলে ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেলসহ ছোট ছোট যানবাহন পড়েছে দুর্ঘটনার কবলে। রাতে আলোর ব্যবস্থা না থাকায় অচেনা পথচারী ও যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।

স্থানীয়রা জানান, এই স্থানে সম্প্রতি কয়েকটি ট্রাক উল্টে পড়েছে। গরু বোঝাই একটি ট্রাক উল্টে ৩টি গরু মারা গেছে। এছাড়াও প্রতিদিন কোনো না কোনো পণ্যবাহী মিনিট্রাক, ইজিবাইক কাদায় আটকে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় সংযোগ সড়কের নিচের মাটি ধসে গেছে। সড়কটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলে কয়েক কিলোমিটার পথ ঘুরে উপজেলা সদরে যেতে হবে, যা সময় ও খরচ দুটিই বহুগুণ বাড়িয়ে দেবে।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, ধসে যাওয়া অংশের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং জরুরি বরাদ্দের মাধ্যমে সড়কটির স্থায়ী সংস্কার নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।

তবে স্থানীয়দের দাবি আশ্বাসের বেড়াজাল থেকে বের হয়ে অনতিবিলম্বে সংস্কার কাজ শুরু করা হোক, যাতে বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানি এড়ানো যায়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন