বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদী থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মস্তকবিহীন ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মানসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসা এলাকা থেকে জোয়ারের পানিতে মরদেহটি ভেসে ফকিরহাট অংশে চলে আসে। নদীতে ভাসমান মরদেহের খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ নদীর দুই পাড়ে ভিড় জমায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, উদ্ধার করা মরদেহটি তিন থেকে চার দিন আগের হতে পারে এবং এতে পচন ধরেছে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য নৌ পুলিশ, পিবিআই ও সিআইডিকে জানানো হয়েছে। আইনি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

