বাগেরহাটের মোরেলগঞ্জে বাকিতে পণ্য বিক্রি না করায় একটি মুদি ও বিকাশ লেনদেনের দোকানে হামলার ঘটনা ঘটেছে। হামলায় দোকানের আসবাবপত্র ভাঙচুর, মালামাল তছনছ ও এক নারীসহ উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। শুক্রবার (২৯ মে) বেলা ১১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের কুচিয়ামরা এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- দোকান মালিক মধু হাওলাদার (৪০), ছেলে নাজমুল হাসান সিয়াম (২০), দোকান মালিকের স্ত্রী নাজমিন বেগম (৩৬) ও প্রতিপক্ষের রফিকুল ইসলাম মুন্সী(৪৮)। এদেরকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোকান মালিক মধু হাওলাদার বলেন, ঘটনার সময় একই এলাকার রফিকুল ইসলাম মুন্সীর ছেলে তরিকুল সিয়াম স্টোরে গিয়ে বাকিতে কিছু পানীয় পণ্য কিনতে চায়। ওই সময় দোকান মালিক মধু হাওলাদারের ছেলে তরিকুল মুন্সীকে বাকি দিতে অপরাগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রফিকুল মুন্সি ১৫-২০ জনের একটি বাহিনী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সিয়াম স্টোরে হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি পিটিয়ে তিনজনকে আহত ও দোকানের আসবাবপত্র ভাঙচুর করে। একই সাথে নগদ টাকাসহ কিছু মালামাল তারা হাতিয়ে নিয়ে যায়।
প্রতিপক্ষের রফিকুল ইসলাম মুন্সী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, মধু হাওলাদার তার ওপর হামলা করে গুরুতর জখম করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে মোরেলগঞ্জ হাসপাতাল থেকে খুলনা রেফার্ড করেছে।
থানার ওসি মাহমুদুর রহমান বলেন, হামলার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে

