বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাজারে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (৫মে) ভোররাত ৪টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের বাদশা মিয়ার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার সময় ঢাকা থেকে শরণখোলাগামী একটি পরিবহনের যাত্রীরা দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয়দের ডেকে তোলেন। পরে ৯৯৯ নম্বরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ইলেকট্রনিক মালামাল ও ব্যাটারি চার্জ করার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
মঙ্গলবার বেলা ১০টার দিকে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হচ্ছেন— সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মো. আউয়াল মৃধা, ওষুধ ব্যবসায়ী গোলক মন্ডল ও শেখর চন্দ্র হালদার, চা দোকানি জাকারিয়া মুন্সী, সিট কাপড় ও টেইলার্স ব্যবসায়ী চিত্ত দত্ত এবং গার্মেন্টস ব্যবসায়ী সুমন শেখ।
খুলনা গেজেট/এএজে

