শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

বাগেরহাটে র‍্যাবের অভিযানে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাট জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাওলাদার জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে রূপসা সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রামপাল থানায় হস্তান্তর করে র‍্যাব সদস্যরা।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম রামপাল উপজেলার মল্লিকেরবেড় গ্রামের কেরামত হাওলাদারের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ঘের দখল, জমি দখল, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মারধর, চাঁদাবাজি, জবরদখল, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১০টির বেশি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে জেলা পুলিশসহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এরপরও তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তবে র‍্যাবের এই অভিযানে তাকে গ্রেপ্তার করায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অপরাধী যত ক্ষমতাশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় জনগণের দাবি— সব অভিযোগের সুষ্ঠু তদন্ত হোক এবং আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে সত্য উদঘাটন করা হোক। অপরাধী যেই হোক, তার পরিচয় বা প্রভাব নয়— ন্যায়বিচারই হোক শেষ কথা। এলাকার শান্তি, নিরাপত্তা এবং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

রামপাল থানার তদন্ত ওসি সুব্রত বিশ্বাস জানান, “দীর্ঘদিন পলাতক এই আসামি মো. জাহিদুলকে র‍্যাব খুলনার টোল প্লাজা এলাকা থেকে আটক করে রামপাল থানায় হস্তান্তর করেছে। থানার কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন