রবিবার । ২৯শে মার্চ, ২০২৬ । ১৫ই চৈত্র, ১৪৩২

মোংলা ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ : ম্যানেজার বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

গেজেট প্রতিবেদন

বাগেরহাটের মোংলা অয়েল ইনস্টলেশনে (ডিপো) সরকারি নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত ডিজেল মজুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। একই সঙ্গে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ডিপোর পলাতক ব্যবস্থাপক (অপারেশন) আল আমিন খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত চলাকালে ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার (২৯ মার্চ) উদ্ভূত পরিস্থিতিতে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে নৌবাহিনী, প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সমন্বিত অভিযানে মোংলা ডিপোতে ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত ডিজেল মজুতের তথ্য সামনে আসে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

তদন্ত কমিটি গঠন ও অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদ।

যমুনার কর্মকর্তারা জানান, তিন সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটিতে উপমহাব্যবস্থাপক (অডিট) মোহাম্মদ জোবায়ের চৌধুরীকে আহ্বায়ক, ব্যবস্থাপক (অ্যাডমিন) ফয়েজ আহাম্মদ রউফকে সদস্যসচিব এবং ঝালকাঠির সিনিয়র অফিসার (ডিপো) মো. আবুল বাশারকে সদস্য করা হয়েছে। কোম্পানির উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) মোহাম্মদ হাসান ইমামের সই করা চিঠিতে কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটিকে মোংলা অয়েল ইনস্টলেশনের জ্বালানি তেলের প্রকৃত মজুদ পুনরায় যাচাই, সংরক্ষিত স্টক রেজিস্টারের তথ্য পর্যালোচনা এবং যৌথ বাহিনীর অভিযানে পাওয়া ডিজেলের পরিমাণের সঙ্গে গরমিলের কারণ ও দায়দায়িত্ব নিরূপণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ মার্চ নারায়ণগঞ্জের গোদনাইল থেকে রাজধানীর কুর্মিটোলা ডিপোতে যাওয়ার পথে ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরির অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে পদ্মা অয়েল পিএলসির একটি দল তদন্ত চালিয়ে চুরির প্রমাণ পায়। ওই ঘটনায় পদ্মা অয়েলের কুর্মিটোলা এভিয়েশন ডিপোর ব্যবস্থাপক (এভিয়েশন) মো. সাইদুল হককে বদলি করা হলেও তাঁর বিরুদ্ধে এখনো কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন