বাগেরহাটের চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় মো. বাবু মোল্লা (৪৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে কলাতলা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু মোল্লা ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইল এলাকার মৃত নাছির মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে বাবু মোল্লা মোটরসাইকেল চালিয়ে চিতলমারী সদরে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি লোকাল বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্রের বরাত দিয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক ঘাতক বাসটিকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

