শনিবার । ৭ই মার্চ, ২০২৬ । ২২শে ফাল্গুন, ১৪৩২

ফকিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল ১১টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাংগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কে এম ইশতিয়াক আহমেদ (৩৪) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নাভদিয়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বেলা ১১টার দিকে রূপসাগামী একটি মোটরসাইকেল চালিয়ে ইশতিয়াক আহমেদ কাকডাংগা এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি কালভার্টের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. তামান্না তাসনিম জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত রয়েছেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন