আগ্রাসন হলে চুপ থাকবে না ইরান : পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

ইরান যুদ্ধ চায় না, তবে কোনো ধরনের আগ্রাসনের মুখে দেশটি চুপ করে থাকবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানের লরাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর এটিই পেজেশকিয়ানের প্রথম মন্তব্য। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্যদেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ান বলেন, ইরান ‘যুদ্ধ চায় না’। তবে কোনো পক্ষ ইরানে হামলা চালালে তার ‘চূড়ান্ত জবাব’ দেওয়া হবে।

তিনি বলেন, ‘আমরা কোনো আগ্রাসনের সামনে কখনোই স্থির হয়ে বসে থাকব না।’

পেজেশকিয়ান আরো বলেন, অঞ্চলে অস্থিতিশীলতা ও অশান্তি কোনো দেশের স্বার্থেই নেই। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে তা সবাইকে চ্যালেঞ্জের মুখে ফেলবে।

লরাক দ্বীপে মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মাইন পাতা বাহিনী ‘আসন্ন হুমকি’ তৈরি করায় তাদের বিরুদ্ধে ‘সীমিত ও নির্ভুল’ অভিযান চালানো হয়েছে।

তেহরান ওই হামলাকে ‘আগ্রাসনের কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে। এর মধ্যেই পেজেশকিয়ানের পক্ষ থেকে যুদ্ধ না চাওয়ার পাশাপাশি হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি পরিস্থিতির উত্তেজনা আরো স্পষ্ট করেছে।

পেজেশকিয়ানের বক্তব্যে একদিকে সংঘাত বাড়াতে অনাগ্রহের কথা উঠে এসেছে। অন্যদিকে ইরানের ওপর কোনো হামলা হলে পাল্টা জবাব দেওয়ার কঠোর অবস্থানও স্পষ্ট হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন