হরমুজে ট্যাংকারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) একটি ট্যাংকারে আঘাত হানার পর আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

সমুদ্রপথ পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায়, একটি জাহাজের প্রধান নিরাপত্তা কর্মকর্তার (সিএসও) কাছ থেকে খবর পাওয়া গেছে যে একটি ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। পরে আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

সংস্থাটি জানায়, জাহাজের নাবিকরা নিরাপদে আছেন। তবে হামলার ফলে পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইউকেএমটিওর বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি ট্যাংকার অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছিল, প্রণালিটির মধ্য দিয়ে “অবৈধভাবে প্রবেশের” চেষ্টা করার সময় টোগোর পতাকাবাহী একটি ট্যাংকারে তারা হামলা চালিয়েছে।

এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি একটি বড় সিদ্ধান্তের কাছাকাছি রয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, তার পরবর্তী পদক্ষেপ বিবেচনা করার সময় যেকোনো কিছু ঘটতে পারে। এমনকি তার ইরানী শত্রুদের নিশ্চিহ্ন করে দেয়ার বিষয়টিও তিনি বিবেচনা করছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন