আফগানিস্তানের মাটিতে কোনো ধরনের হামলা হলে এর জবাব দেওয়া হবে বলে পাকিস্তানিকে হুঁশিয়ারি দিয়েছে তালেবান সরকার। তারা বলেছে, ভৌগলিক অখণ্ডতা লঙ্ঘন করা হলে আফগানিস্তান বসে থাকবে না।
সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “পাকিস্তান যদি আফগানিস্তানে কোনো হামলা চালায় তাহলে আমরা আমাদের ভৌগলিক অখণ্ডতা রক্ষা করব। যদি পাকিস্তান আর্টিকেল ১৫ সক্রিয় করে এবং আফগানিস্তানের অখণ্ডতা লঙ্ঘন করে… আফগানিস্তানের তার দেশকে রক্ষার অধিকার আছে। আর আফগানিস্তান তা-ই করবে।”
এরআগে আল-আরাবিয়াকে আলাদা সাক্ষাৎকারে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র বলেছিলেন, আফগানিস্তানে পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সন্ত্রাসীরা প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানে এসে হামলা করে যায়।
তার এ বক্তব্যের জবাবে জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, তারা আফগানিস্তানের মাটিতে টিটিপিকে কোনো কার্যক্রম চালানোর সুযোগ দেন না।
এছাড়া আফগানিস্তানকে দোষারোপ না করে পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা সমস্যা অভ্যন্তরীণভাবে সমাধানের আহ্বানও জানিয়েছেন জাবিহুল্লাহ।
তিনি বলেছেন, বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী ও টিটিপির কার্যক্রম তালেবান ক্ষমতায় আসার আগ থেকেই চলছে। তবে উত্তেজনা সত্ত্বেও আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে সংলাপ চায়।
জাবিহুল্লাহ এক্ষেত্রে সৌদি আরবকে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখার আহ্বান করেন। তিনি বলেন, “সৌদি আরব উভয় দেশের বন্ধু এবং তারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।”
সূত্র: আল-আরাবিয়া
খুলনা গেজেট/এএজে

