পবিত্র মক্কা নগরীতে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক । চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তাদের প্রত্যেকের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে।
মক্কায় অনুষ্ঠিত যৌথ প্রতিরক্ষা সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান চুক্তিতে স্বাক্ষর করেন।
এরদোয়ান বলেন, চুক্তিটি কোনো দেশকে লক্ষ্য করে করা হয়নি এবং আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতায় আগ্রহী অন্যান্য ভ্রাতৃপ্রতিম দেশও এতে যোগ দিতে পারবে। তিনি বলেন, চুক্তিটি তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, প্রতিরক্ষা শিল্পে যৌথ প্রকল্প বাস্তবায়ন এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় ভূমিকা রাখবে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, চুক্তিটি তিন দেশের ভ্রাতৃত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্কের গভীরতার প্রতিফলন। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যৌথভাবে কাজ করার রাজনৈতিক সদিচ্ছারও বহিঃপ্রকাশ এটি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির মূল লক্ষ্য হলো সম্মিলিত প্রতিরোধক্ষমতা জোরদার করা এবং তিন দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরো বিস্তৃত করা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তিটিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বলেন, এটি তিন দেশের জন্য একটি ‘শান্তির ঢাল’ হিসেবে কাজ করবে এবং বৃহত্তর মুসলিম বিশ্বে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।
সূত্র: ডন/জিও নিউজ
খুলনা গেজেট/এনএম

