মঙ্গলবার । ৯ই জুন, ২০২৬ । ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

অর্থ আত্মসাত : খুবির সহকা‌রি রে‌জিস্ট্রার সাস‌পেন্ড

খু‌বি প্রতি‌নি‌ধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের তহবিল থেকে প্রায় ১৮ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

অভিযুক্ত এই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ফায়েকুজ্জামানের ভাগ্নে। ২০১৭ সালে তার নিয়োগের সময়ও স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছিল।

সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক আদে‌শে এই তথ্য জানানো হয়।

আদে‌শে বলা হয়, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে প্রাথমিকভাবে অর্থ আত্মসাতের সত্যতা পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত ও দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ (খোরাকি) ভাতা পাবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউসূফ রায়হান ইএমবিএ প্রোগ্রামের আর্থিক কার্যক্রম দেখাশোনা করতেন। অভিযোগ রয়েছে, ডিসিপ্লিন প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে তিনি ব্যাংক থেকে ইএমবিএ প্রোগ্রামের টাকা উত্তোলন করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সেমিস্টার ও পরীক্ষার ফির অর্থও ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন।

সম্প্রতি ইএমবিএ শিক্ষার্থীরা সেমিস্টার রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করতে গিয়ে দেখেন, তাদের জমা দেওয়া ফি বিশ্ববিদ্যালয়ের মূল হিসাবে জমা হয়নি। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে এবং অনুসন্ধানে জানা যায়, কয়েকটি ব্যাচের শিক্ষার্থীদের জমা দেওয়া মোটা অঙ্কের অর্থ ব্যাংকে জমা পড়েনি।

খুলনা গেজেট/এনএম/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন