খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে খুলনায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার) সকালে বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন এর উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে খুলনা শহিদ হাদিস পার্কে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (শনিবার) সকালে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে অনলাইনে যুক্ত হয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষ প্রান্তে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন, কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. শেখ মো: মোশাররফ হোসেনসহ বিভাগীয় পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

পরে তিনি বিভাগীয় কমিশনার কার্যালয় প্রাঙ্গণ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন।

এ দিকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ প্রান্তে জেলা প্রশাসক হুরে জান্নাতসহ জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে শহিদ হাদিস পার্কে প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। খুলনা শহিদ হাদিস পার্ক প্রান্তে সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নাগরিক নেতৃবৃন্দ শিক্ষক-শিক্ষার্থীসহ শ্রেণি-পেশার জনগণ উপস্থিত ছিলেন।

পরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে শহিদ হাদিস পার্কে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ অংশ নেন।

উল্লেখ্য, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আজ থেকে আগামী ১২ ডিসেম্বর তিন মাসব্যাপী চলবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন