নগরীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে যুবককে হোটেল কক্ষে আটক রেখে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সৈয়দ সোহাগ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাতরাস্তা মোড় স্বপ্ন মহল আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত এবং ইয়াবাসহ সেবনের অন্যান্য সরঞ্জামসহ আরও ৭ জনকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বয়রা রায়েরমহল মন্দিরের মোড়ের আব্দুস সাত্তারের ছেলে ইমরান হোসেনকে অনলাইনে চাকরি দেওয়ার কথা বলে আবাসিক হোটেল স্বপ্ন মহলে ডেকে নেয় একটি প্রতারক চক্র। চক্রটি রাতে তাকে ওই হোটেলের তৃতীয় তলার ৩০৬ নম্বর কক্ষে আটক রেখে মারধর করে। এর পরে বিবস্ত্র করে ভিডিও চিত্র ধারণ করে। শেষে তার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
দাবিকৃত টাকা দিতে না চাইলে চক্রটি ইমরানকে পুনরায় মারধর শুরু করে। এক পর্যায়ে প্রতারকরা তার মোবাইল ফোন ব্যবহার করে পরিচিত ব্যক্তিদের নিকট ফোন করে বিকাশের মাধ্যমে ২৬ হাজার টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা এক হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়। বাকি টাকা না দেওয়া হলে তার ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও প্রদান করে তারা। রাতে বিষয়টি জানাজানি হওয়ার পর খুলনা থানাকে অবগত করে ভিকটিম। পরবর্তীতে সংশ্লিষ্ট থানার পুলিশ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪ জন মহিলা ও ৪ জন পুরুষকে আটক করে।
থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন রিপন বলেন, এমন তথ্য পেয়ে রাতে ওই হোটেলে অভিযান চালানো হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে সৈয়দ সোহাগ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি চালিয়ে তাসনিম, মিম আক্তার, সপ্না, মিতু, ফয়সাল ইসলাম, তারেক হাওলাদার, মেহেদী হাসান শান্তকে আটক করে থানায় নেওয়া হয়। এ সময় হোটেল থেকে ইয়াবাসহ সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
খুলনা গেজেট/সাগর/এনএম

