বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের ১৬তম সভা মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, শিশুশ্রম থেকে শিশুদের দূরে রাখা বড় দুরূহ। সরকার শিশুশ্রমকে নিরুৎসাহিত করেছে। শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সকলের সহযোগিতা ছাড়া শিশুশ্রম নিরসন করা সম্ভব নয়। পিতা-মাতাকে আর্থিক সহযোগিতা করলে শিশুশ্রম বন্ধ হতে পারে।
সভায় খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমান, বিভাগীয় পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি-সহ শিশুশ্রম কল্যাণ পরিষদের সদস্যরা অংশ নেন।
খুলনা বিভাগীয় প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের নিয়মিত মতবিনিময় সভা আয়োজন, শিশুশ্রমের হটস্পট চিহ্নিতকরণ ও পরিদর্শন, শিশুশ্রমে জড়িত অভিভাবকহীন শিশুদের পুনর্বাসন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমে নিয়োজিত শিশুদের ডাটাবেজ তৈরি, প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের শিশুশ্রম থেকে বিরত রেখে কারিগরি শিক্ষায় শিক্ষা দেওয়া, সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা-সহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।
খুলনা গেজেট/এএজে

