যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলার স্বর্ণের চেইন কাটার দিয়ে কেটে নেওয়ার সময় নিলুফা বেগম (২১) নামে এক মহিলাকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।
আটক নারী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হাঢুড়া গ্রামের মৃত বিগরাজের মেয়ে ও একই গ্রামের শাহীনের স্ত্রী।
পুলিশ জানায়, যশোর সদর উপজেলার ভেকুটিয়া ক্যান্টনমেন্ট এলাকার বাচ্চু তালুকদারের স্ত্রী সুফিয়া (৫৬) মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য এদিন সকালে হাসপাতালে আসেন। তিনি করোনারি কেয়ার ইউনিটের নিচে অবস্থানকালে নিলুফা পেছন থেকে কাটারের সাহায্যে সুফিয়ার গলার স্বর্ণের চেইন কেটে নেওয়ার চেষ্টা করেন। এ সময় হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করা হলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বলেন, আটককৃত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
খুলনা গেজেট/এএজে

