এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। একই সঙ্গে বেড়েছে কোনো শিক্ষার্থী পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও।
যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুল মতিন বলেন, শিক্ষার্থীদের খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে। অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসা হয়েছে। ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দুর্বলতার কারণে পাসের হার কমেছে। তবে সার্বিক ফলাফল সন্তোষজনক।
তিনি আরও বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বছর যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৮৮ হাজার ৯৭ জন।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ৩৪ হাজার ১৭ জন, মানবিক বিভাগ থেকে ৪৪ হাজার ৮৩৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী পাস করেছে।
এবার জিপিএ-৫ পাওয়া ১১ হাজার ৪৭৮ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ছেলে ৪ হাজার ৮০৯ জন এবং মেয়ে ৫ হাজার ৩২৭ জন। মানবিক বিভাগে ছেলে ১৭৯ জন ও মেয়ে ৭৯২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ছেলে ১৩৯ জন ও মেয়ে ২৩২ জন জিপিএ-৫ পেয়েছে।
তথ্য অনুযায়ী, গত বছর যশোর বোর্ডে গড় পাসের হার ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৪১০ জন। অর্থাৎ এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে।
এবার যশোর বোর্ডে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র দুটি।
অন্যদিকে, এ বছর যশোর শিক্ষা বোর্ডের ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।
খুলনা গেজেট/এনএম

