যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে এক কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ ফারুক (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

আটককৃত ব্যক্তি হলেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে ফারুক।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ফারুককে আটক করা হয়। পরে তল্লাশি করে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। এছাড়া তার কাছ থেকে ৩৫ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত আলামতের মোট মূল্য ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে এই স্বর্ণের বারগুলো বহন করছিলেন।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে উদ্ধারকৃত আলামতসহ তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন