খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন বলেছেন, ভারী বর্ষণ ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে নগরীর হাজার হাজার মানুষ পানির নিচে অমানুষিক কষ্ট ভোগ করছেন। ঘরে চুলা জ্বলছে না, শিশুরা ক্ষুধার্ত, আর বৃদ্ধরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এই হৃদয়বিদারক পরিস্থিতিতে আমরা ঘরে বসে এসি বাতাসে আরাম করতে পারি না। দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই মুহূর্তে আমাদের একমাত্র কাজ।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপি গঠিত “দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি” ও “হেলথ সেল”-এর জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও হেলথ সেলের সদস্যদের সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, জলমগ্নতার কারণে কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় কষ্ট না পায়। মনে রাখতে হবে, মানুষের দোয়াই আমাদের সবচেয়ে বড় শক্তি। দলমত নির্বিশেষে প্রতিটি বন্যার্ত ও জলজটে আক্রান্ত মানুষের ঘরে ঘরে আমাদের সাহায্যের হাত পৌঁছে দিতে হবে।
সভায় মহানগরীর দুর্যোগকবলিত এলাকার সার্বক্ষণিক তদারকি ও খোঁজ-খবর রাখতে থানা ও ওয়ার্ড বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মাঠপর্যায়ে সক্রিয় থেকে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা থেকে নগরীর ওয়ার্ড ও ইউনিয়নের ক্ষতিগ্রস্থ মানুষের খোঁজ খবর নিয়ে মহানগর বিএনপিকে অবহিত করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে দুর্গত শিপইয়ার্ড সড়কের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে আজ রবিবার জরুরি ভিত্তিতে খানা-খন্দ মেরামতের সিদ্ধান্ত গৃহিত হয়। সভা থেকে আড়ংঘাটায় সড়কের খানাখন্দ সংস্কারের জন্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। দুর্যোগ ও দুর্যোগ-পরবর্তী সময়ে পানিবাহিত রোগ বা যেকোনো জরুরি স্বাস্থ্য সংকট মোকাবেলায় “হেল্থ সেল”-এর হটলাইন নম্বর: ০১৭১৫০০১৯৫৫ এবং ০১৭১১০১৭৪৭৬-এ যোগাযোগ করার জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।
সভা থেকে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের অসুস্থ মায়ের সুস্থতা কামনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবীর, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, আব্দুল আজিজ সুমন, রবিউল ইসলাম রুবেল, মজিবর রহমান, আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, আলমগীর হোসেন তালুকদার, আক্তারুজ্জামান সজীব তালুকদার, আদনান ইসলাম দীপ, নিশাত জামান, কেএম জলিল, সৈয়দা নার্গিস আলী, হালিমা আক্তার খানম, মাও. আবু নাইম, মতলুবুর রহমান মিতুল প্রমুখ।
খুলনা গেজেট/এএজে

