খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালিত

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার সকালে নগর ভবনের নিচতলায় মহানবী (স.) এর জীবন ও আদর্শের উপর আলোচনা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে মহান রাব্বুল আল আমিন আমাদের জন্য উপহার হিসেবে পাঠিয়েছিলেন। তিনি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। প্রাণপ্রিয় নবীর (স.) দেখিয়ে দেয়া আদর্শ ধারণ করতে পারলে তা সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।

তিনি সন্তানদের কোরআন শিক্ষা দেয়ার পাশাপাশি প্রিয় নবীর আদর্শের মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে প্রশাসক ক্বিরাত, হামদ-নাত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জীবন ও আদর্শের উপর আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ ও ইমাম পরিষদ-খুলনার সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া। স্বাগত বক্তৃতা করেন খুলনা আলিয়া কামিল মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মুফতী মাওলানা মুশফিকুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী (স.) এর জন্ম ও মৃত্যু সমগ্র মানব সভ্যতার জন্য স্মরণীয় একটি দিন। প্রিয় নবীজির (স.) জন্ম মানব সভ্যতার বিকাশে যে নব জাগরণের সূত্রপাত ঘটিয়েছিল তার ধারাবাহিকতা আজও সমানভাবে প্রবাহমান। মহানবী (স.) এঁর শিক্ষা এবং তাঁর প্রদর্শিত পথে অগ্রসর হয়ে মানব জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে বলে বক্তারা উল্লেখ করেন।

অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মোঃ রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, আমন্ত্রিত অতিথি হিসেবে কেসিসির সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বনি, মাজেদা খাতুন, রোকেয়া ফারুক, সমাজসেবক অধ্যাপক তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, শেখ আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, নিজামুর রহমান লালু, এ্যাডভোকেট গোলাম মওলা, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু সহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কেসিসি পরিচালিত মক্তবসমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাসেমী।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন