একপ্রান্তে নেই সংযোগ সড়ক ঝুঁকি নিয়ে পার হচ্ছে গ্রামবাসী

মই দিয়ে উঠতে হচ্ছে কালভার্টে!

শ্যামনগর প্রতিনিধি

মাস খানেক আগে শেষ হয়েছে কালভার্ট নির্মাণের কাজ। কিন্তু এখনো নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। ফলে কোনো কাজে আসছে না সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালীর সীমানা খালে নির্মিত পাকা কালভার্ট। সংযোগ সড়কের অভাবে পাঁচ থেকে ছয় গ্রামের মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের মই দিয়ে কালভার্টে উঠে পার হচ্ছে খাল।

সংশ্লিষ্ট সূত্র মতে, ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের দাউদ গাজীর বাড়ির সামনে সীমানার খালের ওপর ৩৩ লাখ টাকা ব্যয়ে কালভার্ট নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান আরিফ এন্টারপ্রাইজ।

স্থানীয়রা জানান, “এক মাস আগে কালভার্ট নির্মাণ কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সেতু পার হওয়ার জন্য দু’পাশে সংযোগ সড়ক নির্মাণ না করায় পার্শেখালী, মিরগাং, কালিঞ্চী, ঠাকুরঘেরী ও টেংরাখালী গ্রামের বাসিন্দারা খাল পার হতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। কালভার্টে উঠতে বাঁশের নড়বড়ে সাঁকো ব্যবহার করতে বাধ্য হচ্ছে তারা।

টেংরাখালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ গাজী বলেন, “কালভার্ট করছে, কিন্তু কালভার্ট পার হওয়ার কোনো রাস্তা নেই। কবে মাটি ফেলে রাস্তা করবে কে জানে?

রমজাননগর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু বলেন, “ইউএনও, ও পিআইও স্যারকে জানানো হয়েছে। তারা সরেজমিনে এসে দেখে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন।

মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, “রমজাননগর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালি টেংরাখালী সীমানার কালভার্ট নতুন নির্মিত হয়েছে। আগে ওখান থেকে মাটি বিক্রি করা হয়েছে। এখন কালভার্টের জন্য মাটি প্রয়োজন, কিন্তু মাটি পাওয়া যাচ্ছে না।”

শ্যামনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন বলেন, “ঠিকাদারকে এ বিষয়ে জানানো হয়েছে। বৃষ্টি কমলেই উনি কাজ শুরু করবেন।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন