মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে মার্কেটে লাগা এই আগুনে ৮ থেকে ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ইলেকট্রনিক্স, ওষুধ এবং চায়ের দোকান রয়েছে বলে জানা গেছে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন দোকানিরা।
স্থানীয়রা জানায়, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরপরই বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। খবর পেয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে দোকানগুলোতে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের ইমরান হোসেন জানান, দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। এ সময় বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খুলনা গেজেট/এএজে

