বাগেরহাটের কচুয়ায় সুমাইয়া আক্তার খাদিজা (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) কচুয়া সদর ইউনিয়নের বাড়ইখালি গ্রামের ২ নম্বর ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া ওই গ্রামের সেন্টু শেখ ও নাজমা খাতুন দম্পতির মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা-মায়ের বিচ্ছেদের পর সুমাইয়া তার সৎ বাবার সঙ্গে বসবাস করছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে চিকিৎসার জন্য সুমাইয়ার মা ও সৎ বাবা বাগেরহাট শহরে যান। বাসায় ফিরে তারা সুমাইয়াকে নিজ ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল। পরে স্বজনরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহ দেখতে পায়।
প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, সোমবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে কোনো এক সময় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।
কচুয়া থানা পুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
খুলনা গেজেট/এএজে

