বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি ব্যাংকের খুলনার ২০ শাখায় হালখাতা অনুষ্ঠানের আয়োজন করেছে। লক্ষ্য ৮০ কোটি ৮১ লাখ টাকা ঋণ আদায়। এ উপলক্ষে ব্যাংকের শাখাগুলোকে রঙিন কাগজ আর বেলুন দিয়ে সাজানো হয়েছে। গ্রাহকদের করানো হবে মিস্টিমুখ। এ আয়োজন আগামীকাল। গ্রাহকদের ক্ষুদে বার্তায় আমন্ত্রণ জানানো হয়েছে এ অনুষ্ঠানের জন্য। ঋণ আদায়ে কৃষি ব্যাংকের এটি বিশেষ কর্মসূচি।
খুলনা কৃষি ব্যাংক সূত্রে জানা যায়, বাঙালির বৈশাখী উৎসবে ‘হালখাতা’র প্রথা ১৯৭৩ সাল থেকে কৃষি ব্যাংকে চলে আসছে। এবারও খুলনার ২০টি শাখায় এবারের বৈশাখের হালখাতা উৎসবের আয়োজন করা হয়েছে। গ্রাহকদের কাছে থাকা বকেয়া পাওনা আদায়ে লক্ষ্যে এই আয়োজন। ব্যাংকের শাখাগুলো হচ্ছে লবণচরা, রূপসাঘাট, দৌলতপুর, দিঘলিয়ার বারাকপুর, ফুলতলা, জামিরা বাজার, ডুমুরিয়া, শাহাপুর, তেরখাদা, দাকোপ, নলিয়ান বাজার, বটিয়াঘাটা, বিরাট বাজার, পাইকগাছা, চাঁদখালী, কয়রা, জায়গীর মহল, কাজদিয়া, কেডিএ বাসস্ট্যান্ড ও নিউ মার্কেট। এ জন্য গ্রাহকদের কাছে আমন্ত্রণপত্র ও ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে।
দাকোপ শাখার ম্যানেজার উত্তম পাল বলেন, এবারের হালখাতায় গ্রাহকদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্র ও বকেয়া পরিশোধের বিষয়ে নোটিশ তাদের কাছে পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার অফিস চলাকালীন সময়ে গ্রাহকরা আসবেন। তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। ফল, মিস্টি থাকবে। উৎসবমূখর পরিবেশে হালখাতা অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এনএম

