খুলনার কাঁচাবাজারে বাড়ছে সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম বেড়েছে ৪০ টাকা আর কাঁচা মরিচ ২০-৩০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া সব ধরনের সবজি কেজিতে ২০-৪০ টাকা বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টি এবং সরবরাহের ঘাটতির অযুহাতে বেড়েছে এসব সবজির দাম।
ব্যবসায়ীরা জনিয়েছেন, বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে সবজির খেত প্লাবিত হয়েছে। এতে সবজি পঁচে যাওয়ায় বাজারে এখন সবজির সরবরাহ কম। এদিকে এই সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দাম হাঁকছেন বলে ক্রেতাদের অভিযোগ।
নগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজার ঘুরে দেখা গেছে, প্রতিহালি কলা বিক্রি হচ্ছে ৪০ টাকায়। একইভাবে বিক্রি হচ্ছে প্রতিকেজি কুশি ৬০ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ১৪০ টাকা, লাউ প্রতিপিস ৭০ টাকা, উচ্ছে ১০০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা, কাঁচা মরিচ ১৫০-১৬০ টাকা কেজি, ঝিঙে ৮০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।
যা গত এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে, প্রতিহালি কলা ২৫ টাকা, কুশি বিক্রি হয়েছে ৫০ টাকা, পটল ৪০ টাকা, বেগুন ১০০ টাকা, লাউ প্রতিপিস ৫০ টাকা, উচ্চে ৮০ টাকা, চাল কুমড়া ৪০ টাকা, চাল কুমড়া ৩৫-৪০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা-১৪০ টাকা এবং ঝিঙে ৭০ টাকায় বিক্রি করেছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ী মো: রাসেল বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। এ কারণে সবজি ক্ষেতে অনেক ক্ষতি হয়েছে। পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় প্রায় প্রতি সবজির দাম বেড়েছে। বাড়তি দামে ক্রয় করে আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের ব্যবসায়ী হামিদ খান বলেন, সব ধরনের সবজির দাম বেড়েছে। তবে কাঁচা মরিচের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে মাছের বাজার উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে। মানভেদে প্রতিকেজি পারশে মাছ বিক্রি করছেন ব্যবসায়ীরা সাড়ে ৮০০ টাকা থেকে এক হাজার ২০০ টাকায়। চিংড়ি মাছ বিক্রি হচ্ছে প্রতিকেজি সাড়ে ৮০০ টাকা, ৫০০ গ্রাম ওজনের পদ্মার ইলিশ এক হাজার ৬০০ টাকা, আটশ গ্রাম সাইজের মাছ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং এক কেজি ৩০০ গ্রাম সাইজের প্রতিকেজি ইলিশ দুই হাজার ৮০০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।
মুরগি দাম স্থিতিশীল রয়েছে। প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকা, সোনালী ২৮০ টাকা, কক ২৮০ টাকা, লেয়ার (সাদা) ৩০০ টাকা এবং লেয়ার (লাল) ৩৬০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।
এদিকে সবজির দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। বাগমার এলাকার বাসিন্দা হুমায়রা হোসেন বলেন, টানা বৃষ্টি হলে সরবরাহ একটু কমবে, তা স্বাভাবিক। কিন্তু সে তুলনায় দাম বেশ অস্বাভাবিক হারে বেড়েছে। কাঁচা মরিচের দাম অস্বাভাবিক আকারে বেড়েছে।
খুলনা গেজেট/এনএম

