সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক

সুন্দরবনের দাকোপ উপজেলার নলিয়ান এলাকা থেকে ৩০ কেজি হরিণের মাংসসহ মেহেদী হাসান (৩০) নামের এক মাংস বিক্রেতাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত মাংসের আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার টাকা। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুর ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি বিশেষ দল খুলনার দাকোপ থানাধীন নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে শিকার করা ওই হরিণের মাংসসহ সংশ্লিষ্ট বিক্রেতাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি এবং জব্দ করা হরিণের মাংস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ডের সূত্র জানায়। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

খুলনা গেজেট/রুএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন