খুলনায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ: জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

খুলনায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৭৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের পাশে আছেন এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তাঁরই নির্দেশনায় দুর্যোগে আক্রান্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা যেন সরকারি সহায়তা পায়, সেজন্য তিনি বিভাগীয় প্রশাসনকে পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করেছে এবং দ্রুত জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছে।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিমসহ স্থানীয় জনসাধারণ।

পরবর্তীতে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বেলেঘাট পশ্চিমপাড়ায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন এবং সেখানকার ক্ষতিগ্রস্ত আরও ৭৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন