বাসাবাড়ির থাই গ্লাস লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে ইসমাইল হোসেন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় ফুলতলা বাজারের মিছরী দেওয়ান শাহ রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে।
তিনি যশোর সদরের মো. ইব্রাহীম মোল্যার ছেলে ও পুলিশের সাব ইন্সপেক্টর আলামিনের ছোট ভাই। নিহত ইসমাইলের ৬ বছর বয়সি একটি ছেলে সন্তান আছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, ফুলতলা বাজারের মিছরী দেওয়ান শাহ রোডে অবস্থিত যুবদল নেতা মাসুদ রানার বোনের বাড়িতে রবিবার সকালে থাইগ্লাস লাগাতে যায়। দুপুর আনুমানিক ১২টার দিকে অন্য কর্মচারী তাকে ওই বাড়িতে রেখে নিচে আসে নাস্তা নিতে। ফিরতে দেরি দেখে তিনি দোতলার বারান্দায় উঁকি মেরে ডাকতে যাওয়ার এক পর্যায়ে পাশ দিয়ে টানা বৈদ্যুতিক তারে শক খেয়ে নিচে একটি টিনের চালের উপর পড়ে। এ সময় আঘাতে তার কপালের ডান পাশে কেটে যায় এবং রক্তক্ষরণ হয়। শব্দ শুনে অন্য শ্রমিকেরা দ্রুত গিয়ে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

