ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই বটিয়াঘাটায় শুরু হয়েছে উপজেলা নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা। প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামী ইতোমধ্যে দলীয় প্রার্থী চূড়ান্ত করলেও মনোনয়ন প্রত্যাশায় মাঠে নেমেছেন বিএনপির সম্ভাব্য ৪ প্রার্থী।
বিএনপির সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণার পাশাপাশি মনোনয়ন পেতে দলের হাইকমান্ডের সাথে লবিং অব্যাহত রেখেছেন। তারা হলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক তৈয়েবুর রহমান, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি।
এছাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন শিমুও বসে নেই। এদিকে জামায়াতে ইসলামী ইতোমধ্যে থানা আমির মাওলানা শেখ আবু ইউসুফকে চেয়ারম্যার প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেখ রাসেল কবির, গণমাধ্যম কর্মী শাওন হাওলাদার ও সিপিবি’র প্রার্থী অশোক সরকারের নাম জোরে সোরে শোনা যাচ্ছে।
প্রার্থীরা ভোটারদের সমর্থন পেতে প্যানা, পোস্টার, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার ও হটস্পটে প্রচার চালাচ্ছেন। সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে কুশল বিনিময়ের পাশাপাশি অনুদান প্রদান করছেন কেউ কেউ।
এ উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫১২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৫০৫ জন ও নারী ভোটার ৮৬ হাজার ৪ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ জন।
নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও চলতি বছর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে এমন ধারণা নিয়েই সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের কাছে দোয়া-আশীর্বাদ প্রার্থনা করে চলেছেন। তবে এ উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মূল ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ভোট।
খুলনা গেজেট/এনএম

