হ্যান্ডক্যাপসহ পালিয়ে যাওয়ার একঘণ্টা পর চুরি মামলার আসামি বিপ্লব হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে তাকে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনায় সুজন নামে এক যুবককে আটক করা হয়।
বিপ্লব খালিশপুর থানাধীন মদিনাবাদ এলাকার বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান বলেন, বিপ্লাব পেশায় একজন রিকশা চালক। সে খালিশপুর এলাকার বাসিন্দা হাফিজের রিকশা চালাত। হাফিজের রিকশা থেকে ব্যাটারি খুলে অন্যত্র বিক্রি করে দেয়। এ ঘটনায় হাফিজ থানায় মামলা করেন। দীর্ঘদিন পালিয়ে থাকার পর আজ তাকে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত থেকে গ্রেপ্তার করা হয়। ব্যাটারি বিক্রি যাবতীয় তথ্য দিলে রাত ৮টার দিকে তাকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ। স্টেডিয়াম এলাকায় পৌঁছানোর পর ব্যাটারি চুরি সিন্ডিকেটের সদস্যরা উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় থানার এএসআই মোল্লা তরিকুল ও এএসআই জাহিদুল আলম আহত হয়। পরে বিপ্লবকে গ্রেপ্তারে বিভিন্নস্থানে পুলিশ অভিযান চালায়। রাত ৯টার দিকে তাকে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকার পাশ থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ওপর হামলার ঘটনায় সুজন নামে এক যুবককে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

