খুলনা থেকে হারিয়ে যাওয়া ল্যান্ডস ক্রুজার জীপ গাড়ি ঢাকা থেকে উদ্ধার করল পুলিশ। গত বুধবার ঢাকার ধানমন্ডি মডেল থানা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাড়ির ড্রাইভার আবু সুফিয়ান ওরফে আবুল, তার অপর দু’সহযোগি আব্দুল কুদ্দুস ওরফে নব খলিফা এবং লুৎফর রহমান।
সোনাডাঙ্গা থানার এসআই নাদিম মাহমুদ বলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা সুলকনা বসুর একটি জীপ গাড়ি সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের একটি বাড়ির গ্যারেজে রাখা হত। গাড়ির ড্রাইভারের বেতন এবং গ্যারেজ ভাড়া বাবদ তিনি প্রতি মাসে ১৫ হাজার টাকা ব্যয় করতেন। গত ১৭ জানুয়ারি তিনি বুঝতে পারেন তার গাড়িটি গ্যারেজ থেকে চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করলে তদন্ত করে মামলা নেয় থানার পুলিশ।

তিনি আরও জানান, চুরি হওয়ার পর থেকে গাড়ির ড্রাইভার আবু সুফিয়ান লাপাত্তা ছিল। পরবর্তীতে ৯ মার্চ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ব্যাপক জিজ্ঞাসাবাদে ড্রাইভার সহযোগি আরও দু’জনের নাম জানায় পুলিশকে। ১৬ মার্চ গাড়ির উদ্ধারের জন্য আবুল সাথে নিয়ে ঢাকার সাভার থানার লুটের চর এলাকায় অভিযান চালায় পুলিশ। কিন্তু সেখানে অন্যান্যদের না পেয়ে পরে ডিএমপি’র তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে অপর দু’ আসামি কুদ্দুস ও লুৎফর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ঢাকার ধানমন্ডি মডেল থানা এলাকার টোরো কার ওয়াস থেকে জীপ গাড়িটি উদ্ধার করা হয়। বুধবার দুপুরে গাড়িটি উদ্ধার করে সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে।
খুলনা গেজেট/সাগর/এনএম

