সোমবার । ১৬ই মার্চ, ২০২৬ । ২রা চৈত্র, ১৪৩২

নগরীতে যুবক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ইমন (২৫) নামের এক যুবক পায়ে গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে নগরীর লবনচরা থানাধীন মুজাহিদপাড়া সংলগ্ন একটি মাঠে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিতে গিয়ে নিজের গুলিতে আহত হয় ওই যুবক।

সে লবনচরা থানাধীন টুটপাড়া জোড়াকল বাজার এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানায়, ইমন একটি ফাঁকা মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। দুপুর আড়াইটার দিকে ৩টি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত ৭-৮ জন অস্ত্রধারী ওই মাঠে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইমনের হাঁটুতে লাগে। অস্ত্রধারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা আহত ইমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

কেএমপি’র উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ‘মুজাহিদপাড়ার ফাঁকা মাঠে ইমনসহ আরও দু’জন যুবক অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছিল। নিজের গুলিতে আহত হয় ওই যুবক। তার বাম পায়ের হাঁটুর নিচে গুলি বিদ্ধ হয়। সাথে থাকা দু’যুবক তাকে ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে। আহত ইমনের পায়ের গুলি বের করার জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। সুস্থ হলে আমরা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন