বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে দশটার দিকে মোল্লাহাট উপজেলা সদর বাজারের ওই ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। মোল্লাহাট বাজারে সোহাগের ডেউটিনের দোকান আছে। তিনি শ্রমিকলীগের রাজনীতির সাথে জড়িত, তবে পদ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান (দোকান) বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। বাজারের পশ্চিম পাশে পানের দোকানের সামনের সড়কে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যায়। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক জানান, দুইজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে। ধারণা করছি তার শরীরে তিনটি গুলি লেগেছে। মরদেহ মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পূর্ণাঙ্গ সুরতহাল শেষে আরও বিস্তারিত বলা যাবে। বন্দুকধারীদের গুলির ঘটনায় পুলিশ কাজ শুরু করেছে।
এর আগে গেল ৭ মার্চ রাতে মোল্লাহাট উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় নূর ইসলাস (২৭) নামের এক যুবককে উদ্ধার করে স্থানীয়রা। তাকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গুলিবিদ্ধ নূর ইসলাম মোল্লাহাট উপজেলা সদরে শেখ ট্রেডার্স নামের একটি সেনেটারি ও হার্ডওয়ারের দোকানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
খুলনা গেজেট/এএজে

