মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

মোরেলগঞ্জ হাসপাতালে ডাক্তারদের কর্মবিরতি

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে চলছে ডাক্তার ও কর্মচারিদের কর্মবিরতি। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে তারা কর্মবিরতিতে আছেন। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ভিতরে ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারিদের গ্রেপ্তারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেছেন।

ফলে অসংখ্য সাধারণ রোগী বহির্বিভাগে চিকিৎসাসেবার জন্য গেলেও তারা ফিরে যেতে বাধ্য হচ্ছেন। মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতালে) প্রতিদিন প্রায় ৩০০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়ে থাকেন।

উল্লেখ্য, গত বুধবার বেলা ১১ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ৫-৬ জনের একটি দল হামলা করে। হামলায় উপ-সহকারি মেডিকেল অফিসার চন্দন দাস আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। লাঞ্ছিত করা হয়েছে দু’জন নারী মেডিকেল অফিসারকেও। এ ঘটনায় বুধবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আহাদ নাজমুল হাসান বলেন, কর্তব্যরত অবস্থায় ডাক্তারদের ওপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। শুধুমাত্র জরুরি বিভাগ ও আন্ত: বিভাগের সেবা চালু থাকবে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন বলেন, হাসপাতালে হামলার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্যে পুলিশ তৎপর আছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন