যশোরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে দু’ সহোদরসহ তিনজনের নামে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ওই ছাত্রীর পিতা বাদী হয়ে শুক্রবার মামলাটি করেন। আসামিরা হলেন, সদর উপজেলার হাবুল্লাহ গ্রামের খন্দকার আলী হোসেনের দু’ ছেলে মিরাজুল ইসলাম ও শাকিল হোসেন এবং মৃত খন্দকার মকবুল হোসেনের ছেলে টগর খন্দকার।

ওই ছাত্রীর পিতা মামলায় উল্লেখ করেছেন, তার মেয়ে চলতি ২০২১ সালের দাখিল পরীক্ষা দিয়ে বাড়িতে ছিল। আসামিদের মধ্যে মিরাজুল ইসলাম প্রায় সময় তাদের বাড়ির আশেপাশে এসে আজেবাজে কথা বলতো। মাদ্রাসায় যাতায়াতের পথে উত্ত্যক্ত করতো। তার মেয়ে নিষেধ করলে মিরাজ কর্ণপাত করতো না। তিনি বিষয়টি জানতে পেরে মিরাজসহ অন্য দু’জনকে নিষেধ করেন। তারপরও কর্ণপাত করেনি।

গত ৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মেয়ে শহরের বকচর হুশতলার ভাড়া বাড়ি থেকে প্রয়োজনীয় কাজের জন্য বের হয়। চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা আসামিরা পেছন থেকে তার মেয়েকে জাপটে ধরে। এ সময় তার মেয়ে চিৎকার দিলে তাকে দ্রæত মাইক্রোবাসে তুলে মুড়লির দিকে চলে যায়। তিনি বাড়িতে ফিরে বিস্তারিত শুনে মেয়ের খোঁজখবর নেয়ার চেষ্টা করেন। কোথাও না পেয়ে তিনি থানায় মামলা করেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন