যশোরে অবৈধ সুদ কারবারির হামলায় আহত ২

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে সুদের টাকা দিতে না পারায় দু’ব্যক্তিকে পিটিয়ে জখম করেছে অবৈধ সুদে কারবারি। গুরুতর অবস্থায় আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বেনেয়ালী গ্রামের মৃত আনসার মন্ডলের ছেলে আলীম (৪৫) ও হাবিলের ছেলে টুলু (৪৫)।

আহত আলীম জানান, তিনি ব্যক্তিগত দরকারে এক বছর আগে একই গ্রামের অবৈধ সুদ কারবারি শাহিনুর রহমানের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে ধার নেন। ইতিমধ্যে তিনি এক লাখ টাকা পরিশোধও করেছেন। তারপরও শাহিনুর রহমান তার কাছে আরও ৫০ হাজার টাকা দাবি করেন।

ওই ৫০ হাজার টাকা পরিশোধের জন্যে আলীম ১৫ দিনের সময় চান। কিন্তু শাহিনুর রহমান এ সময় দিতে অস্বীকার করেন। এ নিয়ে তাদের দু’জনের মধ্যে বিরোধ হয়। শনিবার সকাল সকাল ৯টার দিকে শাহিনুরের নের্তৃত্বে ৭/৮ জন আলীমের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারপিট করে।

এ সময় প্রতিবেশি টুলু বাঁধা দিতে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

খুলনা গেজেট/ এস আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন