যশোরে কপি খেত থেকে নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মাঠ থেকে নবজাতক উদ্ধার করেছে গ্রামবাসী। মঙ্গলবার বেলা তিনটায় যশোর-মাগুরা মহাসড়কের পাশের একটি কপি খেত থেকে এক নারী নবজাতকটি উদ্ধার করে।

কোদালিয়া গ্রামের আরিফ হোসেন জানান, দুপুরে ওই গ্রামের মাঠে এক নারী কাজ করছিলেন। এসময় তিনি দূর থেকে দেখতে পান একটি মাইক্রোবাস হঠাৎ করেই রাস্তার পাশে দাড়িয়ে পড়েছে। এরপর কয়েকজন মাইক্রোবাস থেকে নেমে মাঠের ভেতরে একটি বাধাকপি খেতে যায়। তাদের হাতে কাপড়ে বাধা কিছু একটা ছিল। এরপর তারা ফিরে গাড়িতে উঠে চলে যায়। বিষয়টি ওই নারীর সন্দেহ হলে তিনি এগিয়ে ওই খেতে যান। এরপর দেখতে পান কাপড়ে মোড়ানো নবজাতকটি কাঁদছে। পরে তিনি শিশুটি কোলে তুলে নেন ও আশপাশের লোকজনকে খবর দেন। এরপর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং অনেকে শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন।

এ বিষয়ে লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন সত্যতা নিশ্চিত করে বলেন, বাচ্চাটি ৫ নং ওয়ার্ড মেম্বর আকরাম হোসেন ও মহিলা ওয়ার্ড মেম্বর সায়েরা খাতুনের হেফাজতে রয়েছে। তিনি বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন। বুধবার যশোর সমাজসেবা অধিদপ্তরের কাছে শিশুটি হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

খুলনা গে‌জেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন