যশোরে ছুরিকাঘাতে তাঁতী লীগ নেতা খুন

গে‌জেট ডেস্ক

যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তাঁতী লীগ নেতা আব্দুর রহমান কাকনের (৩৫) মৃত্যু হয়েছে। তিনি শহরের বারান্দি মোল্লাপাড়া কবরস্থান এলাকার আব্দুল হামিদের ছেলে। বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মোল্লাপাড়া কবরস্থানের পাশে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই রিফাত জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে কাকন বাড়ির পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত এলোপাথাড়ি ছুরিকাঘাত করে তাকে জখম করে। পরে স্থানীয়রা কাকনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, আব্দুর রহমান কাকনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে কোনো পক্ষ তাকে হত্যা করতে পারে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন