খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী শাসনের অবসান হলেও পরাজিত শক্তির দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান সরকার ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (১৭ জুন) সকাল ১১টায় খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন সভা পরিচালনা করেন।
অ্যাডভোকেট মনা বলেন, তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীরাই দলের মূল শক্তি। দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, বিশৃঙ্খলা বা জনবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনই বিএনপির লক্ষ্য।
তিনি বলেন, খুলনা সামাজিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার শহর। বৈষম্যহীন, নিরাপদ ও আধুনিক খুলনা গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কেডিএকে একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে পরিকল্পিত নগরায়ণ, জলাবদ্ধতা নিরসন এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন ও বদরুল আনাম খান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, থানা সভাপতি কে এম হুমায়ূন কবির, শেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল ও অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী।
এছাড়া বিভিন্ন থানা, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে স্বরাষ্ট্রমন্ত্রীর খুলনা সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং প্রয়াত বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্ত্তজার স্মরণে নাগরিক সভা আয়োজনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
খুলনা গেজেট/এএজে

