কাশির ওষুধ ভেবে কীটনাশক খাইয়ে শিশুর মৃত্যু, মায়ের বিষপান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় কাশির ওষুধ মনে করে বোতলে রাখা কীটনাশক পান করানোর কারণে রাহুল নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি জানার পর শিশুর বাবা তার স্ত্রীকে মারধর করলে ক্ষোভে বাকি কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন ওই মা-ও। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু রাহুল বালুইগাছা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে শিশু রাহুলের কাশির সমস্যা হচ্ছিল। দুপুরে তার মা আনোয়ারা খাতুন কাশির ওষুধ ভেবে ভুলবশত বোতলে থাকা কীটনাশক খাইয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই বিষক্রিয়ায় শিশুটি মারা যায়। সন্তানের মৃত্যুর খবর পেয়ে বাবা আলমগীর হোসেন বাড়িতে এসে স্ত্রী আনোয়ারাকে মারধর করেন। একপর্যায়ে আনোয়ারা বোতলে থাকা অবশিষ্ট কীটনাশক নিজে পান করে আত্মহত্যার চেষ্টা চালান। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ধূলিহর বাজারের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন