সাতক্ষীরায় একটি মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা শৈলকের বিলের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম সুমন (৩২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের কৈখালী গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী শেখ কামরুল ইসলাম জানান, মাগুরা গ্রামের কিসমত আলী ফজরের নামাজ আদায় করে ভোরে শৈলকের বিলে তার ঘেরে যান মাছ ধরতে। তিনি সেখানে গিয়ে দেখেন ঘেরের ভিতরে পানিতে একটি মরদেহ পড়ে আছে। বিষয়টি তিনি সাথে সাথে স্থানীয়দেরকে জানান। পরে সেখান থেকে সদর থানায় পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
খুলনা গেজেট/এনএম

