তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় বাসের চাকায় পিষ্ট হয়ে রুমি আক্তার (২৮) নামে এক মোটরভ্যান আরোহী গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে তালার শাহাপুর প্রস্তাবিত সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুমি আক্তার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে এবং খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল বেতাগ্রামের হারুন-অর-রশিদের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে রুমি আক্তার একটি যাত্রীবাহী মোটরভ্যানে করে তালা থেকে আঠারোমাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শাহাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী ‘যমুনা লাইন’ পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে যান রুমি আক্তার এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ সময় তাঁর সঙ্গে থাকা দুই সন্তান ভ্যান থেকে ছিটকে পড়লেও অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যায়। তবে দুর্ঘটনায় মোটরভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন